Showing posts with label CloseUp-1. Show all posts
Showing posts with label CloseUp-1. Show all posts

08 July 2009

বিব্রত বিউটি-সালমা

'তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া', চলতি সময়ের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত গান এটি। গানটির গায়কী ঢং, হিন্দি গানের নকল সুরের দোলায় এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শহর থেকে গ্রামের নিম্নবিত্ত শ্রোতাদের প্রায় প্রতিটি ডিজিটাল মোবাইল সেটে এই গানটি ব্যাপক রসদ জোগাচ্ছে। আর গান ডাউনলোড করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই একটি গান দিয়ে নিকট অতীতের সর্বাধিক ব্যাবসা করছেন বলে অভিমত পাওয়া যায়। এর আগে একই ঘরানার আকাশছোঁয়া ব্যবসা হয়েছে ইমন খানের বিরহী ঘরানার গান 'আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আসায়' গানটি দিয়ে। এদিকে এ গানটির মূল শিল্পী বিউটি হলেও অনেকে জানছেন সালমার গান হিসেবে। গানটির কণ্ঠ আর বাজারে সালমার অব্যাহত জনপ্রিয়তাকে পুঁজি করে এই গানটিকে গান ডাউনলোডকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে সালমার গান হিসেবেই চালিয়ে দিচ্ছে। আবার এ গানের মূল শিল্পী বিউটি হলেও এই বিউটি সেই বিউটি নন। অর্থাৎ ক্লোজআপ তারকা বিউটি এই গানে কণ্ঠ দেননি। যদিও অনেক শ্রোতা এবং সমালোচকদের অ্ন্তত অর্ধেক জানেন, এ গানটি ক্লোজআপ ওয়ানের বিউটিই গেয়েছেন। বাকি অর্ধেক জানেন এটি গেয়েছেন সালমা। মজার বিষয় হচ্ছে বিউটি-সালমার নামে সারা দেশে আলোচিত-সমালোচিত হওয়া এই গানটি আসলে কোথা থেকে এসেছে সেটা হলফ করে তেমন কেউ জানেন না। কেউ বলেন, এটি বোধহয় অশ্লীল ভিসিডি'র অখ্যাত কোন প্রতিষ্ঠানের গান। কেউ বলছেন এটি একটি সিনেমার আইটেম সঙ। তবে গানটির উৎস নিয়ে সবাই সন্দিহান থাকলেও এটুকু অন্তত নিশ্চিত ছিলেন এটি সালমা অথবা বিউটিই গেয়েছেন। এ প্রসঙ্গে সালমার সঙ্গে আলাপ করলে তিনি বলেন, ভাই এই একটি গান নিয়ে দেশ-বিদেশে কি পরিমাণের বিপদে পড়ছি সেটা না দেখলে বুঝবেন না। স্টেজে গেলেই এই একটি গানের হাজারো অনুরোধ। এখানেই শেষ নয়, এ গানটি আমার মনে করে অনেকেই খুব বাজে সমালোচনা করে আমাকে নিয়ে। কেউ সামনে কেউ পিছনে। অথচ এই গানটি কি করে আমার হয়ে গেল সেটা আজও বুঝলাম না। একবার শুনেছি বিউটি আপু গেয়েছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। তবে গানটির কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠের অনেক মিল আছে, শুধু এ কারণেই আজ আমি বিব্রত-অভিযুক্ত। সালমা আরও জানান, এই বিষয়টি পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন। তা না হলে আমার প্রিয় শ্রোতারা আমাকে ক্ষমা করবে না। এদিকে বিউটির সঙ্গে আলাপ করে জানা যায়, এটি তার গাওয়ার প্রশ্নই আসে না। এখনও এতটা নিচে নামার মতো অবস্থা তার হয়নি। তবে তিনি এটুকু বলেন, এই গানের শিল্পী আরেক বিউটি। এই গানটি মূলত একটি সিনেমার হলেও পরে এটি 'প্রেম কুমারী' নামের একটি টপটেন অ্যালবামে অডিও আকারে প্রকাশ পেয়েছে মাস দেড়েক আগে। বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, পর্দার আড়ালে থাকা এই বিউটি ক্লোজআপ ওয়ান-০৮ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ৪০ এর পর বাদ পড়েছে। সে এখন এ ধরনের টপটেন ঘরানার অশ্লীল গানের শিল্পী হিসেবে বেশ চাহিদাসম্পন্ন গায়িকা।