Showing posts with label Govinda. Show all posts
Showing posts with label Govinda. Show all posts

30 October 2013

গোবিন্দ’র সঙ্গে সিমলা আসছেন ভারতীয় প্রেক্ষাগৃহে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা ক্যারিয়ার নিয়ে বরাবরই খুব সচেতন। তার কাছে সংখ্যার চেয়ে ছবির মানই বেশি মুখ্য। আর এ কারণে বিভিন্ন সময়ে নানা ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সিমলা এখন পর্যন্ত ৩০টিরও বেশি দেশীয় ছবিতে অভিনয় করেছেন। তবে দেশের ছবিতে অভিনয় করলেও দেশের বাইরের কোন ছবিতে এর আগে অভিনয় করা হয়নি তার। সমপ্রতি কলকাতার ছবি ‘সমাধি’তে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে তিনি অভিনয় করেছেন বলিউডের অভিনেতা গোবিন্দের বিপরীতে। কলকাতার নির্মাতা দীপক স্যানাল পরিচালিত ছবিটির কাজ শেষ। আগামী ১৫ই নভেম্বর এটি মুক্তি পাচ্ছে। আর এর মাধ্যমেই এই প্রথম কলকাতার ছবি নিয়ে ভারতের প্রেক্ষাগৃহের পর্দায় আসছেন সিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সিমলার। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিমলা জানিয়েছেন, অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম
দেশের বাইরের ছবিতে কাজ করবো। কিন্তু তা যে গোবিন্দের মতো এতবড় একজন অভিনয়শিল্পীর বিপরীতে হবে ভাবিনি। কলকাতার ছবি  ‘সমাধি’তে অভিনয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করেছি আমি। কিছুদিন আগে শুনলাম ছবিটি মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন এবার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিষয়টি আমার জন্য অনেক বেশি আনন্দের। সিমলা এও বলেন, গোবিন্দের মতো বড়মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার।
তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর বড় মানুষের মনও যে অনেক বড় হয়, সেটা গোবিন্দের সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি। ‘সমাধি’ ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ি। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। এছাড়া আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী গ্রেসি সিং ও সেয়ালি ভগত। এদিকে কলকাতার ‘সমাধি’ ছবিটি ছাড়া বাংলাদেশে সিমলা অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। মাসুদ পথিক পরিচালিত ছবিটির নাম ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।