Showing posts with label Tanzika Amin. Show all posts
Showing posts with label Tanzika Amin. Show all posts

20 April 2011

একা হয়ে গেছেন তানজিকা

বেশ একা হয়ে গেছেন লাক্স সুন্দরী তানজিকা। সারাদিন বাসাতেই সময় কাটে তার। সমপ্রতি প্রেমের তিন বছর পূর্তিতে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের পর স্বামী নির্ঝর তাকে খুব একটা সময় দিতে পারছেন না বলে জানান তিনি। খুব সকালে বেরিয়ে যান আর রাত ৮-৯টায় বাড়ি ফিরেন। এই সময়টায় বাড়িতে একাই থাকেন তানজিকা। কয়েকদিন আগেও মা থাকতেন তার বাসার খুব কাছেই। ইচ্ছা করলেই চলে যেতেন মায়ের কাছে। এখন মাও নেই। সমপ্রতি তিনি চলে গেছেন রাজশাহীতে। তাই এখন অনেকটা একাই থাকছেন তানজিকা। এই একা থাকা প্রসঙ্গে তিনি বলেন, মা কাছে থাকতে বুঝিনি আমার বিয়ে হয়েছে। মনে হতো এ বাড়ি আর ও বাড়ি। কাছে আছে সবাই। মা চলে যাওয়ায় সব ফাঁকা লাগছে, শূন্য মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যিকারই তো আমার বিয়ে হয়ে গেছে। আমি অনুভব করছি বিয়ের পরের দায়িত্ব। আগামীর ভাবনায় পড়ে গেছি বেশ। এসব কারণে এখন নাটকের শুটিংও তেমন করছেন না বলে তানজিকা জানালেন। আগের চলতি কাজগুলোই করে চলেছেন। বিয়ের পর প্রচার চলতি ধারাবাহিক হৃদি হকের পরিচালনায় ‘ইকারুসের ডানা’ ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় ‘এয়ারকম’-এ কাজ করেছেন। সেই সঙ্গে একদিন শুটিং করেছেন বাংলাভিশনে দীর্ঘদিন ধরে প্রচার চলতি রূপচর্চা বিষয়ক একটি অনুষ্ঠানের। অভিনয় প্রসঙ্গে তানজিকা বলেন, আগে মাসে বিশ দিন কাজ করতাম। ভাল কাজের পাশাপাশি মোটামুটি কাজও করতাম। এখন এ বিষয়টি অনেক সিরিয়াসলি দেখছি। মানসম্পন্ন কাজ ছাড়া করছি না বা করবো না। তাই তো সামপ্রতিক অনেক প্রস্তাবের মাঝেও শুটিং করার চিন্তা করেছি হৃদি হক ও হারুনের পরিচালনায় নতুন দু’টি ধারাবাহিকের। তবে তা অবশ্যই হানিমুন থেকে ফেরার পর। উল্লেখ্য, অচিরেই ইন্দোনেশিয়ায় হানিমুনে যাবেন এনামুল করিম নির্ঝর ও তানজিকা।