Showing posts with label Music Album. Show all posts
Showing posts with label Music Album. Show all posts

12 September 2011

তাহসানের সুরে মিথিলার অ্যালবাম


আগামী ঈদুল আজহায় প্রকাশিত হচ্ছে মিথিলা ফারজানার প্রথম একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামটির কাজ শুরু হয়েছে। এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করছেন তাহসান। মেলোডি ও রোমান্টিকসহ বিভিন্ন ধরনের গান থাকবে এই অ্যালবামে। এককের পাশাপাশি বেশ কয়েকটি দ্বৈতগানও স্থান পাবে এতে। অ্যালবামের কয়েকটি গানের কথা লিখেছেন মিথিলা এবং তাহসান। এ প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, 'ইচ্ছে ছিল একক অ্যালবাম করার। কাজের ব্যস্ততায় এতদিন সেটা হয়ে ওঠেনি। এখন একটু অবসর পেয়েছি, এজন্য ধীরে ধীরে কাজ শুরু করছি।' মিথিলার নতুন অ্যালবাম সম্পর্কে তাহসান জানিয়েছেন, 'মিথিলার অ্যালবামের কাজে হাত দিয়েছি। ট্র্যাক তৈরি করা শুরু করেছি ইতোমধ্যেই। হয়তো খুব শীঘ্রই গানগুলোতে কণ্ঠ দেবে মিথিলা।' উল্লেখ্য, তাহসানের প্রতিটি একক অ্যালবামেই একটি করে গান গেয়েছেন তার সহধর্মিণী মিথিলা। সেগুলোর মধ্যে রোদেলা দুপুরে, পাগলা ঘুড়ি এবং ঘুমখোয়ারে গানগুলো বেশ প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। কিছুদিন আগেই প্রকাশিত তাহসানের সর্বশেষ একক অ্যালবাম 'প্রত্যাবর্তন'-এ 'কিছু কথা' শিরোনামের গানটি গেয়েছেন মিথিলা।

24 April 2011

নিজের সংগীতায়োজনে আবারও তিশমা


গান গাওয়ার বাইরেও গান লেখা এবং সুর করার প্রতি শুরু থেকেই ঝোঁক ছিল দেশের আলোচিত পপ গায়িকা তিশমার। নিজের কথা এবং সুরে বেশ কিছু গানই জনপ্রিয় হয়েছে তার। পরবর্তীতে লেখা-সুর করার পাশাপশি সংগীতায়োজন করেও প্রশংসা কুড়িয়েছেন। নিজের বিভিন্ন একক অ্যালবামেই নিজের সুর-সংগীতায়োজনে গান গেয়েছেন তিনি। তিশমার প্রকাশিত অ্যালবামে তার সংগীত পরিচালনার গান জনপ্রিয়ও হয়েছে বেশ। যদিও গত তিন বছর ধরে বিভিন্ন কারণে অ্যালবাম থেকে দূরে থাকায় তেমনভাবে আর সংগীত পরিচালনায় আসা হয়নি তার। গত তিন বছরে শ্রোতাদের সামনে অ্যালবামের মাধ্যমে নতুন গানে না পাওয়া গেলেও টুকটাক করে নিজের স্টুডিওতে সুর-সংগীত আয়োজনের কাজ নীরবে ঠিকই চালিয়ে গেছেন তিশমা। ইতিমধ্যে নিজের নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন এই পপ গায়িকা। এটি হবে তার ক্যারিয়ারের নবম একক। আর এই অ্যালবামেও নিজের সুর-সংগীতায়োজনে বেশ কিছু গান থাকবে তিশমার। তাই বর্তমানে দেশ বিদেশের স্টেজ-টিভি ব্যস্ততার বাইরে নতুন গান তৈরি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। অ্যালবামে নিজের বাইরেও অন্যের সুর-সংগীতায়োজনেও বেশ কিছু গান করার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে একেবারেই ভিন্ন কোন সাউন্ড খুঁজছেন তিনি। যেহেতু দীর্ঘদিন পর অ্যালবামের কাজ করছেন, তাই সময় নিয়ে বুঝে শুনে নিজের মতো করেই শ্রোতাদের সামনে আসতে চান এই গায়িকা। এ বিষয়ে তিশমা বলেন, আসলে পড়াশোনাসহ বিভিন্ন কারণেই আমি এতদিন অ্যালবাম-স্টেজ শো থেকে দূরে ছিলাম। স্টেজ শোতে ফিরেছি, চলচ্চিত্রে প্লে-ব্যাক করছি, এবার অ্যালবামে ফিরছি। এর মধ্যে অনেক প্রস্তাব ছিল অ্যালবাম করার, কিন্তু তা ফিরিয়ে দিয়েছি। কারণ, এবার অ্যালবাম অন্যের কথা অনুযায়ী শুধু বাণিজ্যিক চিন্তভাবনা নিয়ে করতে চাই না। আসলে চাপিয়ে দেয়া কাজ আর করবো না। নিজের ইচ্ছামতো নিজস্ব স্টাইলের গানই করবো। অ্যালবামের জন্য গান লেখা, সুর-সংগীতায়োজন শুরু করেছি। অন্যের সংগীতায়োজনেও কাজ করবো, তবে তা হবে একদমই নিউ সাউন্ড।

20 April 2011

ঝুলে গেল হাবিবের ‘আহ্বান’

হাবিব ওয়াহিদের গেল এক বছরের আওয়াজ ফাঁকা বুলিতে পরিণত হলো। হতাশ হলো ভক্তরা। বিস্মিত হলো সংগীত সংশ্লিষ্টরা। সবারই প্রত্যাশা ছিল অনেক দিন পর মিউজিক জিনিয়াস হাবিবের অ্যালবাম প্রকাশ পাচ্ছে বৈশাখী উৎসবে। তেমন ঘোষণাও দিয়ে আসছিলেন হাবিব। বৈশাখের আগেই ঘোষণা দিয়েছেন অ্যালবামের নাম, গানের শিরোনাম, গীতিকার এবং গানের ধরনের। তখন বলেছেন ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের আগেই ৯ই এপ্রিল ধুমধাম করে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। দু’দিন বাদে জানা গেল, না এখনই অ্যালবাম নয়, প্রথমে প্রকাশ করা হবে মোবাইল ফোনের রিংটোন এবং ওয়েলকাম টিউন হিসেবে, যা শুধু উপভোগ করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। কারণ, পুরো অ্যালবামটি তৈরি এবং প্রকাশ পাচ্ছে এই মুঠোফোন প্রতিষ্ঠানের আকাশচুম্বী অর্থায়নে। বৈশাখের আগেই আরও জানানো হয়, প্রথম একমাস অ্যালবামটি মুঠোফোনে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় মাসেই সেটা অ্যালবাম আকারে অবমুক্ত করা হবে। অ্যালবাম প্রকাশ পেলেও শর্ত থাকার সম্ভাবনা থাকছে এখানেও। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলালিংকের সিম কিনলেই ফ্রি গিফট হিসেবে হাবিবের ‘আহ্বান’ মিলবে কাঙ্ক্ষিত শ্রোতার হাতে। তবে এর সবটাই ঘটার কথা ছিল ১৪ই এপ্রিলের আগে পহেলা বৈশাখ উৎসবকে সামনে রেখে। সেটা হলো না আর। মূলত এরপর থেকেই অ্যালবামটি কিংবা গানগুলো প্রকাশের অগ্রগতি অনেকটাই ঝুলে যায়। হাবিবের পিতা-মুখপাত্র-পপতারকা ফেরদৌস ওয়াহিদ এ প্রসঙ্গে বলেন, সবকিছুই ঠিকঠাক ছিল। যে কোন একটা টেকনিক্যাল কারণে অ্যালবামটি পহেলা বৈশাখের আগে প্রকাশ সম্ভব হয়নি। সে জন্যই বৈশাখের পরে নতুন করে অ্যালবামটি নিয়ে ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে। অ্যালবাম একদমই চূড়ান্ত, হাবিবুল (হাবিবের পারিবারিক নাম) অনেক আগেই অ্যালবামের কাজ শেষ করে অন্য কাজে হাত দিয়েছে। অ্যালবামটি বৈশাখে এলে আমাদেরও ভাল লাগতো। কিন্তু করার কিছু ছিল না। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এটি প্রকাশের দিন-ক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। এদিকে বাংলালিংকের ইভেন্টস এন্ড এক্টিভেশন কর্মকর্তা রাশেদ জানান, হাবিবের অ্যালবাম নিয়ে সবারই একটা আকাঙ্ক্ষা আছে। সেটা আমরা গেল এক মাস থেকে অনুভব করতে পারছি ভালভাবেই। আমরা স্বীকার করছি ‘আহ্বান’ প্রকাশে একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আমরা আসলে সবার কথা বিবেচনা করেই অ্যালবামটি সঠিকভাবে সঠিক পরিকল্পনা নিয়ে প্রকাশের চেষ্টা করছি। আমরা কথা দিচ্ছি এ মাসের মধ্যেই ‘আহ্বান’ প্রকাশ পাচ্ছে। তবে আগের ঘোষণা অনুযায়ী প্রথম এক মাস মোবাইল কনটেন্ট হিসেবে, পরের মাস থেকে অ্যালবাম আকারে। এদিকে এ বিষয়ে হাবিবের সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, যথাসময়ে ‘আহ্বান’ প্রকাশ না পাওয়ায় হাবিব নিজেও বেশ মনোক্ষুণ্ন। তিনি অনেক দিন ধরেই প্রত্যাশা করেছেন এ বৈশাখটা মাতবে তার গানে। সব মিলিয়ে বছরের সর্বোচ্চ কাঙ্ক্ষিত অ্যালবাম হাবিবের ‘আহ্বান’ ঠিক কবে, কোন দিন প্রকাশ পাচ্ছে তা এখন অনেকটাই অনিশ্চিত। কেউ বলছেন এ মাসেই, কেউ বলছেন আসন্ন রমজানের ঈদে।