Showing posts with label Monalisa. Show all posts
Showing posts with label Monalisa. Show all posts

21 October 2012

প্রথম জুটিবদ্ধ হলেন মোনালিসা-তাহসান

বিগত পনেরো বছরেরও অধিক সময় ধরে একজন মডেল হিসেবে নিজের জনপ্রিয়তাকে নিজের কাজ দিয়েই ধরে রেখেছেন জনপ্রিয় মডেল মোনালিসা। পাশাপাশি এখন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সমাদৃত। অন্যদিকে তাহসান একজন সংগীত শিল্পী হিসেবে শ্রোতা সমাদৃত হওয়ার পরই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন নাটকে মোনা ও তাহসান বিভিন্ন শিল্পীর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও তারা দুজন একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেননি। এবারই প্রথম মোনালিসা ও তাহসান একটি খন্ড নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। নাটকের নাম 'রিভিসন'। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। এবারের ঈদে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। তাহসানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করা প্রসঙ্গে মোনালিসা বলেন, 'তাহসান ভাইয়ের গান আমার প্রায়ই শুনা হয়ে থাকে। সত্যি বলতে কী তার গানের স্টাইল ভিন্নরকম। অভিনয় করতে এসে নতুন এক তাহসান ভাইকে খুঁজে পেলাম। অনেক ভালো অভিনয় করেন তিনি। আর নির্মাতা হিসেবে রানা ভাই অসাধারণ। অনেক গুছিয়ে কাজ করেন তিনি। ' তাহসান বলেন, ' এখনও আমি একজন পেশাদার অভিনেতা হতে পারিনি। কারণ গানেই এখনও স্বাচ্ছন্দ্য খুঁজে পাই আমি। মোনা অনেক ভালো একজন অভিনেত্রী। কাজটি করে বেশ ভালো লেগেছে।' ঈদ উপলক্ষ্যে তাহসান শিহাব শাহীনের নির্দেশনায় 'মনসুবা জংশন' নাটকে অভিনয় করেছেন। এই নাটকের গল্প ভাবনা শিহাব শাহীন ও মেজবাহউদ্দিন সুমনের। ঈদে এই নাটকটি এনটিভিতে প্রচার হবে।

13 October 2012

সুখের টানে তারা দু’জন

সুখের টানে এক হলেন মোশাররফ করিম ও মোনালিসা। বাস্তবে না হলেও নাটকের গল্পে মধ্যবিত্ত সমাজের মানুষের সত্ভাবে বেঁচে থাকার কষ্ট, তারপর লোভ এবং সেই লোভকে এড়িয়ে সাধারণভাবে বেঁচে থাকার মাঝে সুখ খুঁজছেন তারা। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিত ছয় পর্বের ধারাবাহিক নাটক সুখটান-এ প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন মোশাররফ করিম ও মোনালিসা। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। মোনালিসার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি সত্যিই কাজটি অনেক উপভোগ করেছি।’ প্রায় একই সুর শোনা যায় মোনালিসার কণ্ঠে। তিনি বলেন, ‘এই ধরনের গল্পের নাটকে আমার কখনই কাজ করা হয়ে ওঠেনি। অনেক মনোযোগ দিয়ে কাজটি করতে হয়েছে। আর একজন অভিনেতা হিসেবে করিম ভাই খুবই কো-অপারেটিভ। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ গতকাল এটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। সুখটান নাটকে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, জুঁই করিম, সাজ্জাদ রেজা, রিফাত চৌধুরী, শফিক খান দিলু প্রমুখ।

30 April 2011

মোনালিসা এই সময়ে


মোনালিসা ভুবন ভোলানো হাসি দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। তার এ হাসির রহস্য সম্পর্কে তিনি বলেন, আসলে আমার হাসিটাই এরকম। দর্শকের কাছে আমার কৃতজ্ঞতা এজন্য যে তারা এ হাসি পছন্দ করেন। শুধু হাসি নয়, মোনালিসার কাজও দর্শক কর্তৃক সমাদৃত। অবশ্য টিভি নাটকের কাজ এখন তিনি কমিয়ে দিয়েছেন। তারপরেও শুটিং নিয়ে ব্যস্ততা তার কম নয়। এ সম্পর্কে মোনালিসা বলেন, এর মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করেছি। এগুলো হলো- জুবায়েরের পরিচালনায় ‘একটু ভালবাসা’, সঞ্জয়ের পরিচালনায় ‘ভণ্ডলুম’, কামরুজ্জামানের পরিচালনায় ‘রোমিওরা’। এছাড়া দিতি আপার একটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছি। এসবের বাইরে ধারাবাহিক নাটকেরও কাজ করেছি কয়েকটি। এগুলো হলো- আশরাফি মিঠুর পরিচালনায় ‘ভাল থেকো ফুল মিষ্টি বকুল’ এবং সকাল আহমেদের পরিচালনায় পুরান ঢাকার গল্প নিয়ে একটি নাটক। দীপঙ্কর দীপনের নতুন শুরু হতে যাওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ করার ব্যাপারে কথা চলছে। তিনি বলেন, আমার অভিনীত কোন নাটক এখন প্রচার চলছে না কোন টিভি চ্যানেলে আর নতুন কোন ধারাবাহিক নাটকেও অভিনয় করছি না। একই সেট, কাহিনী একই আর প্রায় একই ধরনের চরিত্র ভাল লাগে না। এজন্য ধারাবাহিক নাটক নিয়মিত করছি না। মডেলিং সম্পর্কে বলেন, আপাতত বন্ধ। তবে কয়েকটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করতে পারি। নাচের শিল্পী মোনালিসার কি খবর জানতে চাইলে তিনি বলেন, পড়ালেখা ও অভিনয়ের কারণে নাচের কোন আয়োজনে সময় দিতে পারছি না। তবে ব্যস্ততা কমলে সময় দিবো।

24 September 2010

মোনালিসা নৃত্যপরিচালক

নাচের অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছেন মোনালিসা। মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা চার বছর বয়স থেকে নাচ শিখছেন। সাত বছর বয়সে তুরস্কে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর নাচের অনেক অনুষ্ঠান করলেও মডেল হিসেবেই বেশি পরিচিতি পান। মোনালিসার মতে, ‘আজকাল ছোট পর্দায় নাচের অনুষ্ঠান সেভাবে দেখা যায় না বললেই চলে। আর ঈদের সময় দু-একটি অনুষ্ঠান দেখা গেলেও সেসব অনুষ্ঠানে বাজেট একটা বড় সমস্যা। তাই মানটাও হয় সে রকমই।’ নিজের নাচের অনুষ্ঠানটি নিয়ে মোনালিসা বললেন, ‘এ প্রজন্মের মডেল আর অভিনয়শিল্পীদের নিয়ে অন্য রকম একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। প্রত্যেকের জন্য আলাদা সেট তৈরি করব। মিউজিকে থাকবে নতুনত্ব।’ তিনি জানান, নাচের অনুষ্ঠানটি নিয়ে এরই মধ্যে টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই অনুষ্ঠানটির কাজ শুরু করবেন তিনি।

22 June 2009

মোনালিসা'র ব্যাটে-বলে মিলছে না

সময়ের ব্যস্ত তারকা মোনালিসার ব্যাটে-বলে মিলছে না। স্ক্রিপ্ট পছন্দ হয়তো নির্মাতা পছন্দ হয় না। আবার নির্মাতা পছন্দ হলে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হয় না। এ কারণে ব্যাটে-বলে না মিলায় বিজ্ঞাপনের কাজ করা হয়ে উঠছে না তার। তিনি জানান, এ সমস্যার কারণে তিনি বিজ্ঞাপন করতে পারছেন না। তবে পছন্দমতো হলে তিনি বিজ্ঞাপনের কাজ করবেন বলে জানিয়েছেন। তাহলে তিনি কি করছেন এ সময়ে? মোনালিসার কাছ থেকে জানা গেল তিনি এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত। শুটিংয়ে ব্যস্ত আগুন আহমেদের কাহিনী ও পরিচালনায় নাটক 'দুই পক্ষ' নিয়ে। শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে কথা হলো। মোনালিসা নাটকের কাহিনী সম্পর্কে বলেন, দুই বাড়ির গৃহকর্তা একে অপরকে দেখতে পারেন না। এই দুই বাড়ির ছেলে ও মেয়ে একে অপরকে ভালবাসে। তাদের ভালবাসার প্রতিকূলতা নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। এছাড়া তার অভিনয়ে নাটকের শুটিং চলছে এনটিভিতে প্রচার চলতি সালাউদ্দিন লাভলুর 'বাড়ি বাড়ি সারি সারি' এবং 'গরিবের কপালে শান্তি নাই'-এর। এর বাইরে চ্যানেল আই'তে প্রচারিত হচ্ছে দীপঙ্কর দীপন ও তুহিন আহমেদের 'নাইন মান্থস ইন ব্রিকলেন' ও দিগন্ত টিভিতে 'শেষ কথা' নাটকের। অনেক দিন ধরে তাকে কোন নাচের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না - এ প্রশ্নের উত্তরে মোনালিসা বলেন, পছন্দমতো কোন নাচের অনুষ্ঠান না হওয়ায় স্টেজে নাচের পারফর্ম করা হয়ে উঠছে না। ছোট পর্দার অনেকে বড় পর্দায় কাজ শুরু করেছে। এ মাধ্যমে কাজ করবেন কিনা এর উত্তরে তিনি বলেন, অনেক সুযোগ পেলেও বড় পর্দায় অভিনয় করিনি, আপাতত কোন ইচ্ছাও নেই।