03 November 2009

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

ইমপ্রেস টেলিফিল্মের ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুক্তি পাবে ডিসেম্বরে। ইতোমধ্যে ছবিটি বিশ্বের শীর্ষস্থানীয় দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। দুটি উৎসবেই প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার ও ফিল্ম ম্যাগাজিনগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে ছবিটি। ১১ ডিসেম্বর এ চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর 'অসবেন মিডিয়া সেন্টারে'র তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিখ্যাত 'হয়েটস' থিয়েটারে ছবির প্রিমিয়ারে প্রধান অতিথি থাকবেন স্ক্রিন অস্ট্রেলিয়ার সিইও ড. রুথ হার্লে। ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মেলবোর্ন ও ক্যানবেরায়। এ উপলক্ষে 'অসবেন মিডিয়া সেন্টার' ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউটে'র যৌথ উদ্যোগে 'চ্যালেঞ্জেস অফ ফিল্মমেকিং ইন ইমার্জিং কান্ট্রিস' শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী। এ উপলক্ষে গত রোববার চ্যানেল আই'র তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছবির বিভিন্ন দিক তুলে ধরেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির কাহিনীকার আনিসুল হক।

01 November 2009

কনকচাঁপা'র কন্যার বিয়েতে তারকার মেলা

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খানের একমাত্র কন্যা ফারিয়া ইসলাম খানের বিয়েতে সংগীত তারকাদের মেলা বসেছিল। দেশীয় সংগীতাকাশের প্রায় সব উজ্জ্বল সংগীত তারকা শুক্রবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে উপস্থিত হয়েছিলেন নবদম্পতি ফারিয়া ইসলাম খান ও আবদুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়াকে আশীর্বাদ করতে। বিশিষ্ট সংগীত তারকা ফেরদৌসি রহমান, সাবিনা ইয়াসমিন, মো. খুরশীদ আলম, মো. রফিকুল আলম, এন্ড্রু কিশোর, আবিদা সুলতানা, শাম্মি আকতার, শাকিলা জাফর, রিজিয়া পারভীন, কুমার বিশ্বজিৎ, জাহাঙ্গীর, দিনাত জাহান মুনি্ন, সংগীত ব্যক্তিত্ব আলম খান, গীতিকার মিল্টন খন্দকার, কবির বকুলের সঙ্গে বিয়ের অনুষ্ঠানকে অন্যরকম মাধুর্য্য দিতে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকারসহ অনেকে। মইনুল ইসলাম খান ও কনকচাঁপা অতিথিদের অভ্যর্থনা জানান। ঘুরে ঘুরে আপ্যায়নের খোঁজ-খবর নেন। অতিথিরা সবাই নবদম্পতিকে প্রাণভরে আশীর্বাদ এবং তাদের সুখময় দাম্পত্য জীবন কামনা করেন।